প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৮ পিএম

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শেষ হবে ৮ মার্চ। জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
আগামী আসরের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। মোট ২০টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ফাইনাল ম্যাচ কোথায় হবে তা নির্ভর করবে পাকিস্তানের অবস্থানের ওপর।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে। কারণ আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলবে না পাকিস্তান। আর পাকিস্তান আগেই বিদায় নিলে ফাইনাল আয়োজন হবে আহমেদাবাদে।
যদিও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হয়নি, তবে অংশগ্রহণকারী দেশগুলোকে বিশ্বকাপের সম্ভাব্য উইন্ডো জানিয়ে দিয়েছে আয়োজকরা।
২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে। সেখানে সবাই একে অপরের মুখোমুখি হবে একবার করে। এরপর শীর্ষ চার দল সেমিফাইনালে এবং তারপর ফাইনাল। পুরো টুর্নামেন্টে হবে মোট ৫৫টি ম্যাচ।
ইতোমধ্যেই ১৫টি দল অংশগ্রহণ নিশ্চিত করেছে— ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। বাকি পাঁচটি দল আসবে বাছাইপর্ব থেকে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ