প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও আলোচনায়। দীর্ঘদিন ধরেই পারিবারিক সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার ভিন্ন কারণে তিনি সংবাদ শিরোনাম হয়েছেন। নিজের ছবি, নাম ও কণ্ঠস্বরের অপব্যবহার বন্ধে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে একটি আবেদন জমা দেন ঐশ্বরিয়া। তার অভিযোগ, অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক উদ্দেশ্যে তার নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, ঐশ্বরিয়ার আইনজীবী সন্দীপ শেঠি আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, নায়িকার অনুমতি ছাড়া কফি মগ, টি-শার্টসহ নানা পণ্যতে তার ছবি ও নাম ব্যবহার হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
তার দাবি, এসব এআই-জেনারেটেড কনটেন্টের কিছু অত্যন্ত আপত্তিকর, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এ ছাড়া কিছু অসাধু চক্র তার নাম ব্যবহার করে ব্যবসা করছে। তাদের মধ্যে একটি সংস্থা ‘নেশন ওয়েলথ’ এমনকি তাকে চেয়ারপার্সন হিসেবে দেখিয়ে ব্যবসা পরিচালনা করছে।
আইনজীবী বলেন, “শুধু নাম ও ছবি ব্যবহার করে অনেকে অর্থ উপার্জন করছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, কিছু আপত্তিকর ছবি ব্যবহার করে মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, এর আগে গত বছর একই ধরনের অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন ঐশ্বরিয়ার শ্বশুর এবং বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। তখন আদালত অমিতাভের ছবি, নাম ও কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ