প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত অস্ত্রগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে