প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৩:২৮ PM

চট্টগ্রামের মীরসরাইয়ে জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের শামসউদ্দিন (৪৫), সাইদুল (৩৬), রহমান (২৩) এবং খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের রুবেল (৩২)।
আহত শামসউদ্দিন জানান, আমরা চারজন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় করে বড়তাকিয়ায় একটি বাস কাউন্টারে যাচ্ছিলাম। কাউন্টারের সামনে অটোরিকশাটি থামালে পেছন থেকে দ্রুতগতির একটি জোনাকি বাস ধাক্কা দেয়। এতে আমরা রিকশা থেকে ছিটকে পড়ি। আমার চোখে সামান্য আঘাত লাগলেও বাকিরা গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান চৌধুরী বলেন, “সকালে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে এবং বাকি দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কেবিনে ভর্তি করা হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে