প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ AM

নির্বাচন কমিশন (ইসি) সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এই পুনঃনির্ধারণের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। নতুন সীমানা অনুযায়ী, জেলার আশুগঞ্জ ও সরাইল উপজেলার সঙ্গে বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়ন— বুধন্তি ও চান্দুরা—নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নতুন সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, নতুনভাবে অন্তর্ভুক্ত অঞ্চলগুলো মূলত পূর্ব থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার অংশ ছিল। নবম জাতীয় নির্বাচনের আগে এই এলাকায় পুনর্বিন্যাস করেছিলেন সাবেক সিইসি ড. শামসুল হুদা। অঞ্চলগুলো ফেরায় ভোটার ও প্রশাসনিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।
রুমিন ফারহানা আরও জানান, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার দিক থেকে নতুনভাবে অন্তর্ভুক্ত অঞ্চলগুলো অন্য কোনো নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত হওয়ার কারণ নেই। তাই ইসির পুনঃনিধারিত সীমানা যথার্থ।
তবে, ইসির প্রস্তাবনা অনুযায়ী চূড়ান্ত গেজেটে বিজয়নগরের হরষপুর ইউনিয়ন স্থান পায়নি। এই ইউনিয়নও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, যা বাস্তবে হয়নি।
সীমানা পুনঃনির্ধারণের প্রেক্ষাপটে অন্য জেলাগুলোর অবস্থা হলো—গাজীপুরে একটি আসন বেড়েছে, বাগেরহাটে একটি আসন কমেছে। নতুন সংসদীয় আসন গাজীপুর-৬। বাগেরহাট-৪ আসন বাদ দেওয়ার পর মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা বাগেরহাট-৩ আসনের সঙ্গে যুক্ত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ