আ. লীগ আমলের মামলা থেকে মুক্ত প্রায় ৪৮ হাজার শ্রমিক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৩ AM

সংগৃহীত ছবি
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক ও অধিকার আদায়ের কারণে শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা ৪৫টি মামলার প্রায় সবই প্রত্যাহার হয়ে গেছে। ফলে মোট ৪৭ হাজার ৭২৮ জন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে শ্রমিক হত্যার অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী থানায় দায়ের একটি মামলা এখনও বহাল রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার আশুলিয়া থানায় ১৫টি, গাজীপুরের কালিয়াকৈর থানায় ১৪টি, কোনাবাড়ী থানায় ১০টি, জয়দেবপুর, বাসন ও টঙ্গী পশ্চিম থানা মিলিয়ে আরও ৬টি মামলা ছিল। বেশিরভাগ মামলা বেআইনি সমাবেশ, দাঙ্গা-হাঙ্গামা ও হামলার অভিযোগে দায়ের হয়েছিল।
মামলাগুলো মূলত তৈরি পোশাক কারখানায় বেতন-ভাতা নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে হয়েছিল। বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মামলা প্রত্যাহারের আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ বৈঠকের মাধ্যমে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার বলেন, রাজনৈতিক ও অধিকার আদায়ের কারণে মামলা হয়েছিল। বর্তমান সরকারের উদ্যোগে এগুলো প্রত্যাহার হওয়া প্রশংসনীয়।