প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫২ AM

সংগৃহীত ছবি
আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এই রায় দেন।
উল্লেখ্য, ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে সংঘটিত গ্রেনেড হামলার পৃথক মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করে হাইকোর্ট গত বছরের ১ ডিসেম্বর আসামিদের খালাসের রায় দেয়।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিলের আবেদন করে। গত ১ জুন আপিল বিভাগ সেই আবেদন মঞ্জুর করেন এবং ধারাবাহিকভাবে পাঁচ দিন (১৭ জুলাই, ৩১ জুলাই, ১৯, ২০ ও ২১ আগস্ট) শুনানি হয়। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।