প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪০ AM

সংগৃহীত ছবি
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণা হবে আজ ।
আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট বিচারপতির বেঞ্চ এ রায় প্রদান করবেন।
তারেক রহমানের আইনজীবীরা এ মামলায় ন্যায়বিচারের প্রত্যাশা করছেন। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের কারণেই মামলাটি ভিন্ন খাতে গিয়েছে।
গত ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দেয়।
এর আগে, গত ১২ জানুয়ারি হাইকোর্ট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবরসহ সব আসামিকে খালাস দেন।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায়ে বলেন, মামলার বিচার প্রক্রিয়া আইনগতভাবে টেকসই নয় এবং চার্জশিট গ্রহণযোগ্য ছিল না।
২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত বাবর, আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই বছরের ২৭ নভেম্বর মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। গুরুতর আহত হন শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী। আজও অনেকে শরীরে স্প্লিন্টারের যন্ত্রণা বহন করছেন, কেউ কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।