
সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর শহরে একত্রিত হয়
কবর থেকে উঠে, বিদেশ থেকে এসে ভোট দেয়ার সুযোগ আর হবে না, দিনের ভোট ও আর রাতে হবে না বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, “বিচারপতি সাহাব উদ্দিনের মত এক মাথা এক ভোট ইউনুছ সরকারের মাধ্যমে ও হবে ইনশাআল্লাহ, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা সফল হতে পারবেনা। প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারি বা তার আগে নির্বাচন অনুষ্ঠিত হবেই।”
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) নোয়াখালীর সেনবাগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যারা লুটপাট করেছে, চুরি করেছে তাদের দিন শেষ, তারা আর দুর্নীতি করার জন্য আসতে পারবেনা। বিগত সরকারের আমলে সংসদে দাঁড়িয়ে তারা বলেছিল বিএনপিকে প্যাকেট করে পাকিস্তান পাঠিয়ে দিবে, জবাবে বলেছিলাম বিএনপিকে প্যাকেট করা লাগবেনা, জনগণ আওয়ামী লীগকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দিবে। ঠিক তাই ঘটেছে, জনগণ প্যাকেট করা লাগেনি, জনরোষের ভয়ে তারাই প্যাকেট হয়ে ভারতে পালিয়ে গিয়েছে।”
ভিপি নুরের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পর একটা পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, ভিপি নুরের উপর হামলা তারই একটা প্রয়াস।”
পি আর প্রসঙ্গে তিনি বলেন, “এদেশের মানুষ পি আর বুঝে না, তারা এক মাথা এক ভোট বুঝে।” এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন পি আর কি বোঝেন? তখন না, না ধ্বনিতে মুখর হয়ে উঠে সমাবেশস্থল। এ সময় তিনি সকলকে মিলেমিশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান।
এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর শহরে একত্রিত হয়।
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সহিদ উল্যাহ, বিএনপি নেতা মিয়া মো. ইলিয়াস, নুর নবী বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউপি বিএনপির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, অর্জুনতলা ইউপি বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মোহাম্মদপুর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক মোকারম হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক শহিদুল্লাহ মিন্টু, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক বেলাল কমিশনার, সদস্য সচিব হাজী জাফর আহম্মেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মহিন উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলা উদ্দিন প্রমুখ।