প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইরফান আজিজ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর এবং সহকারী প্রক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জনি।
আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি খসড়া প্রণয়ন করা হয়, যাতে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের কমিটি নিয়ে বিস্তারিত কাঠামো তুলে ধরা হয়। কেন্দ্রীয় সংসদে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক পদ অন্তর্ভুক্ত রয়েছে।
এসব পদের মধ্যে আরো রয়েছে কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক, পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক। হল সংসদ কমিটিতে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদকসহ অন্যান্য পদ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া খসড়ায় গঠনতন্ত্র, গঠনতন্ত্র সংশোধন, প্রার্থী হওয়ার যোগ্যতা, পদে নির্বাচনের যোগ্যতা, সদস্যপদ বাতিল এবং তহবিল বিষয়ক নীতিমালা সম্পর্কেও আলোচনা করা হয়। এসময় শিক্ষার্থীরাও তাদের মতামত ও প্রস্তাবনা উত্থাপন করেন এবং খসড়ায় কিছু সংযোজন ও পরিবর্তনের দাবি জানান।
এ বিষয়ে মন্তব্য করে ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, আমরা শুধুমাত্র খসড়া প্রণয়ন করেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স দেখে পরবর্তী আলোচনা সভায় বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেখানে কোন পদের কি কি দায়িত্ব থাকবে তা আলোচনা করা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন বিবেচনা করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো