নিষিদ্ধ আ. লীগের অনুসারীরা জাতীয় পার্টির মোড়কে সংগঠিত হচ্ছে: কনক সরওয়ার

সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির ছত্রছায়ায় নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘পলাতক হাসিনার দল জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে, যা এখন স্পষ্ট। এ পরিকল্পনায় ভারতের সরাসরি ভূমিকা রয়েছে।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন।
ড. কনক সরওয়ার বলেন, ‘জাতীয় পার্টির মোড়কে খুনি হাসিনার অনুসারীরা আবার একত্রিত হবে, নির্বাচনে অংশ নেবে, এবং তাদের সংসদে প্রধান বিরোধী দল হিসেবে বসানো হবে। এমনকি প্রয়োজনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারাই আবার সরকার গঠন করতে পারে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি জাতীয় পার্টির একটি কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এখানে এমন একটি নাটকীয় পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে বলা হচ্ছে-জিএম কাদেরের ভারত ঘনিষ্ঠতার কারণে তাকে সরিয়ে নতুন জাতীয় পার্টি গঠন হচ্ছে। এসবই হচ্ছে পাতানো খেলা, দেশের মানুষকে বোকা বানানোর কৌশল।’
ভিডিওতে কনক সরওয়ার দাবি করেন, ‘জিএম কাদেরের ভারতপ্রীতি ও দালালি এরশাদের ধারাবাহিকতা। ভারত-বিষয়ক তার বিভিন্ন মন্তব্য দেশের জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই কারণে কাউন্সিলের নাটক সাজিয়ে তাকে বাদ দেওয়ার মাধ্যমে নতুনভাবে জাতীয় পার্টিকে সাজানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি অতীতে গুম, খুন, নির্যাতনের সময় পর্যন্ত শেখ হাসিনার সরকারকে সমর্থন করে গেছে। এখন ভারতের পরিকল্পনায় তারা নতুন রূপে আবার হাজির হচ্ছে, যাতে পলাতক হাসিনার অনুসারীরা এই দলে যোগ দিয়ে আগামী নির্বাচনকে আরেকটি ‘নাট্যচক্রে’ পরিণত করতে পারে।’
ভিডিওবার্তায় কনক সরওয়ার দাবি করেন, ‘যদিও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টির ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং ভিপি নুরের দল থেকে দাবি করা হয়েছে-জিএম কাদের ও জাতীয় পার্টিকে নিয়ে কিছু বলার ক্ষেত্রে সেনাবাহিনী থেকেও মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল।’
তার ভাষ্য অনুযায়ী, ‘নুর যেহেতু সে নির্দেশনা মানেননি, সেজন্যই তার ওপর বর্বর হামলা চালানো হয়েছে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।’
জাতীয় পার্টির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট ও সাম্প্রতিক কাউন্সিলকে ঘিরে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে। বিরোধী দল হিসেবে সংসদে আসীন দলটির ভবিষ্যৎ অবস্থান এবং তা ঘিরে ভিন্ন রাজনৈতিক শক্তির পুনঃসংগঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে দেশ-বিদেশে।
সূত্র: সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট
স্বদেশ প্রতিদিন/এমএম