প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ AM আপডেট: ০১.০৯.২০২৫ ৩:১৬ PM

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেমা চাকমা। তবে তার অতীত কার্যক্রম ও সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
হেমা চাকমা আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট শাখার সাংস্কৃতিক উপ-সম্পাদক পদে ছিলেন। তবে বর্তমানে তিনি বামধারার জোটের প্রার্থী, তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে উঠেছে প্রশ্ন।
সম্প্রতি হেমা চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা সম্পর্কে বিরূপ মন্তব্য করে একটি পোস্ট দেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনার মুখে পড়ে তিনি পরে পোস্টটি মুছে ফেলেন।
একটি অনলাইন মাধ্যমে সাক্ষাৎকারে হেমা বলেন, ‘আমাকে ভোট না দিলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যাবে। এই কারণে যে আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলাম।’
তবে তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ২০২৪ সালের ১৫ জুলাই-যেদিন ছাত্রলীগের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে- সেই রাতেই হেমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরির ছবি পোস্ট করেছিলেন। ছবিতে তাকে বান্ধবীদের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা যায়।
এদিকে জুলাইয়ে ১৫ তারিখে হেমা চাকমার এমন পোস্ট ও ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক পদে থাকায় তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়৷ হেমা চাকমাকে নিয়ে মোহাম্মদ শাহ নামে একজন লিখেছেন, ‘বাম মানেই ছাত্রলীগ পুনর্বাসন কেন্দ্র’। কাওসার আহমেদ সুজন নামে আরেকজন লিখেছেন, ‘ছাত্রলীগ হেমা চাকমাকে আইনের আওতায় আনা হোক।’
অভিযোগের বিষয়তে জানতে হেমা চাকমার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম