প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:৩৯ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ১:৫০ PM

সংগৃহীত ছবি
‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক
রাজধানীতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছেন বলেও জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের শাহবাগ থানায় নয়া হবে।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
জানা গেছে, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। এ সময় লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অবরুদ্ধ করে রাখেন তারা।
এর আগে, 'আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শীর্ষক গোলটেবিল আলোচনায় হাফিজুর রহমান কার্জন বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পাঁয়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তাঁরা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে।
শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লীগ ধর, জেলে ভর, জুলাইয়ে যোদ্ধারা এক হও লড়াই করো প্রভৃতি স্লোগান দেন।
একপর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের (ডিএমপি) একটি দল আসলে তাঁরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে তুলে দেন।