প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:৪০ পিএম

বৃহস্পতিবার তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর রেলগেট এলাকা থেকে মো. আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের একটি শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা প্রায় ১০০-১৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ ও আহত হন।
এরপর গত ২ সেপ্টেম্বর সদর উপজেলার খানখানাপুর বেপারীপাড়া এলাকার মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান (২১) বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, তদন্ত করে পুলিশ বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পায়। এবং অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।