প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:১১ পিএম

সংগৃহীত ছবি
বিশ্বে প্রথমবারের মতো জেনেটিক্যালি মডিফাইড (জিএম) শূকরের ফুসফুস মানবদেহে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। প্রতিস্থাপনের পর ফুসফুসটি ৯ দিন কার্যকর ছিল। তবে শেষ পর্যন্ত সফল না হলেও চিকিৎসকরা একে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এনওয়াইইউ ল্যাঙ্গোন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউটে এক ব্রেইন-ডেড রোগীর দেহে এই প্রতিস্থাপন করা হয়। পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন সার্জন ডা. জাস্টিন চ্যান। তিনি বলেন, “এটি কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও আশাব্যঞ্জক এক পদক্ষেপ।”
বিশেষজ্ঞরা মনে করছেন, অঙ্গ-প্রত্যঙ্গের সংকট মোকাবিলায় জেনোট্রান্সপ্ল্যানটেশন বড় সম্ভাবনা তৈরি করতে পারে। বর্তমানে বিশ্বজুড়ে প্রতিস্থাপনের চাহিদার মাত্র ১০ শতাংশ পূরণ হচ্ছে।
যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফুসফুস প্রতিস্থাপন বিশেষজ্ঞ অ্যান্ড্রু ফিশার বলেন, “শূকরের ফুসফুস প্রতিস্থাপন জেনোট্রান্সপ্ল্যানটেশনের ক্ষেত্রে নিঃসন্দেহে এক বড় অগ্রগতি। যদিও এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।”
চিকিৎসকরা জানান, ফুসফুস অত্যন্ত সংবেদনশীল অঙ্গ হওয়ায় প্রতিস্থাপন সফল করা সবচেয়ে কঠিন। তবুও সাম্প্রতিক এই উদ্যোগকে তারা নতুন আশার আলো হিসেবে দেখছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান