প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৫৮ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৫:০৪ PM

রিফাত হাসান
ময়মনসিংহের ত্রিশালে আইসক্রিম খাওয়া নিয়ে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক শিশু।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের আনিস ভবনের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিফাত স্থানীয় ইসলামি একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সেদিন সন্ধ্যায় কোচিং থেকে ফেরার পর ফ্রিজে রাখা তিনটি আইসক্রিম বের করে একটি মায়ের, একটি বড় ভাইয়ের এবং আরেকটি নিজের জন্য নেয়। তবে তার আইসক্রিমটি ভাঙা থাকায় বিষয়টি নিয়ে মায়ের সাথে মনোমালিন্য হয়। এ সময় তার মা তাকে বারান্দার ব্যালকনিতে আটকে রাখেন। কিছুক্ষণ পর ভেতর থেকে ছিটকিনি আটকে গলায় হিজাব পেঁচিয়ে আত্মহত্যা করে রিফাত।
পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অবশেষে ব্যালকনিতে ঝুলন্ত অবস্থায় রিফাতকে দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সহপাঠীদের বরাতে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে কোচিং ক্লাসে রিফাত স্বাভাবিক ও হাসিখুশি ছিল। তার এমন মৃত্যুতে তারা হতবাক হয়ে যায়।
জানা যায়, তার বাবা প্রবাসী আকরাম হোসেন প্রায় সাত বছর ধরে মালয়েশিয়ায় আছেন। মা দুই ছেলে নিয়ে প্রায় তিন বছর ধরে ওই বাসায় বসবাস করছেন। রিফাতের বড় ভাই রিয়াদ ইসলামি একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আইসক্রিম খাওয়া নিয়ে মায়ের সাথে অভিমানের জেরে রিফাত আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।”