প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:৫০ AM

ভয়াবহ শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন কাজিকি। এই ঝড়ের সম্ভাব্য আঘাতের মুখে ভিয়েতনাম সরকার ৫ লাখ ৮৬ হাজারেরও বেশি মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
আবহাওয়াবিদদের মতে, সোমবার (২৫ আগস্ট) সকালেই ঝড়টি ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়তে পারে।
বর্তমানে ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৬৬ কিলোমিটার (১০৩ মাইল)। তবে স্থলভাগে আঘাত হানার সময় এটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভিয়েতনামের থান হোয়া, কুয়াং ট্রি, হুয়ে এবং দা নাং প্রদেশের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি সব ধরনের উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে এবং মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভিয়েতনামের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ চীনেও ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে। চীনের হাইনান প্রদেশে এই ঝড়ের কারণে ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
বিবিসি আবহাওয়া ডিপার্টমেন্টের মতে, টাইফুন কাজিকি ভিয়েতনামের স্থলভাগে প্রবেশ করার পর কিছুটা দুর্বল হলেও এর প্রভাবে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ২ থেকে ৪ মিটার (৬.৬ থেকে ১৩ ফুট) উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কাও করা হচ্ছে।
কর্তৃপক্ষ স্থানীয় সময় রবিবার দুপুর ২টার পর কাউকে ঘরের বাইরে না যাওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। নাগরিকদের সুরক্ষায় সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে।
ভিয়েতনাম এয়ারলাইন্স রবিবার ও সোমবার কেন্দ্রীয় শহরগুলোতে অন্তত ২২টি ফ্লাইট বাতিল করেছে।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম