প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:২৩ পিএম

পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তার আইনজীবী সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। ফলে তিনি আপাতত আইন পেশা পরিচালনা করতে পারবেন না।
শনিবার (২৩ আগস্ট) অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিল চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুযায়ী, কলাপাড়ায় সংঘটিত এক সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামির জামিনের জন্য বিচারক নিলুফার শিরিনের বাসায় গৃহপরিচারিকার মাধ্যমে ৫০ হাজার টাকা ও মামলার নথি পাঠান পিপি রুহুল আমিন। এর আগে হোয়াটসঅ্যাপে তিনি একাধিকবার জামিনের জন্য তদবির করেছিলেন।
বিচারক নিলুফার শিরিন এ ঘটনায় বার কাউন্সিলে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, ঘুষ দেওয়ার ঘটনায় তিনি মানসিকভাবে অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকেও বিষয়টি অবহিত করেছেন। তিনি অভিযুক্ত পিপির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ