প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:৫১ পিএম

ক্রেন দিয়ে সমুদ্র তলদেশ থেকে তুলে আনা হচ্ছে মাথাবিহীন একটি মূর্তি। বৃহস্পতিবার মিসরের আলেক্সান্দ্রিয়া উপকূলে
মিসরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, এটি দুই হাজার বছরেরও বেশি আগে প্রতিষ্ঠিত কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ।
দেশটির প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার আবু কির উপসাগর থেকে ধাপে ধাপে তোলা হয়েছে রাজপরিবারের মূর্তি, চুনাপাথরের ভবনের ভগ্নাংশ ও প্রাচীন ডকইয়ার্ডের কিছু অংশ।
প্রত্নতাত্ত্বিকদের মতে, টলেমাইক রাজাদের ৩০০ বছরের শাসনামলে কানোপাস ছিল একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যকেন্দ্র। রোমান সাম্রাজ্যের শাসনামলেও (প্রায় ৬০০ বছর) এ নগরী সমৃদ্ধ হয়। কিন্তু ভূমিকম্প ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ধীরে ধীরে তলিয়ে যায় কানোপাস ও এর পাশের বন্দরনগরী হেরাক্লিয়ন।
উদ্ধার অভিযানের সময় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ক্রেন দিয়ে পানির নিচ থেকে মূর্তি ও স্থাপত্যের অংশ বিশেষ টেনে তোলা হচ্ছে। এ দৃশ্য দেখে পানির নিচে থাকা ডুবুরিরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী শেরিফ ফাতহি বলেন, “আমরা সমুদ্র তলদেশ থেকে অল্প কিছু নিদর্শন উদ্ধার করতে পেরেছি। তবে আরও অসংখ্য স্থাপনা আমাদের ডুবে যাওয়া ঐতিহ্যের অমূল্য সম্পদ হিসেবেই রয়ে যাবে।”
প্রাচীন মিসরীয় সভ্যতার অন্যতম কেন্দ্র আলেকজান্দ্রিয়াও বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। জাতিসংঘের গবেষণায় সতর্ক করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ ডুবে যেতে পারে বা বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ