প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:২২ AM

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করলেও শক্তিশালী ভারতের বিপক্ষে লাল-সবুজের কিশোরীরা হার এড়াতে পারেনি। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে।
খেলা শুরুর পর থেকেই ভারত ম্যাচে আধিপত্য বিস্তার করে। চতুর্থ মিনিটে আনুশকা কুমারীর শট অফসাইডের কারণে গোল হয়নি। এক মিনিট পর দূরপাল্লার শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম। তবে ১০ মিনিটে ইয়ারজানের একটি ভুলে বাংলাদেশের বিপদ বাড়ে—বল হাতে নিয়ে বক্সের লাইনের বাইরে চলে যাওয়ায় ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। এ সময় বাংলাদেশের কোচকেও হলুদ কার্ড দেখানো হয়। ভারতের ঝুলনের ফ্রি-কিক ক্রসবার ছুঁয়ে বাইরে চলে গেলে রক্ষা পায় বাংলাদেশ।
১৪তম মিনিটে সতীর্থের ক্রস থেকে পাওয়া বলে ফার পোস্ট লক্ষ্য করে নেওয়া পার্ল ফার্নান্দেজের শট ইয়ারজানের হাত ছুঁয়ে জালে জড়ালে এগিয়ে যায় ভারত। ২৬তম মিনিটে বাংলাদেশের হয়ে ফাতিমা আক্তারের ফ্রি-কিক ভারতের গোলরক্ষক মুন্নি সহজেই ধরে ফেলেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দল দুটি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় ভারত। সমতায় ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশকে গোলের সুযোগ দেয়নি প্রতিপক্ষের রক্ষণভাগ। ৭৩ মিনিটে ভারতের পার্ল ফার্নান্দেজের শট দুর্দান্তভাবে রুখে দেন ইয়ারজান। তবে ৭৬ মিনিটে আলিশা লিংদোর কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত ভলিতে গোল করেন বনিফিলিয়া শুল্লাই।
শেষ সময়ে দুই দলই কিছু সুযোগ পেলেও আর গোল হয়নি। নির্ধারিত সময় শেষে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে ভারত। টানা দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে শিরোপার দৌড়ে এগিয়ে গেল ভারতীয় কিশোরীরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ