বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানববন্ধন
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৩৫ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত তিন মাসে বরগুনায় ৪০ জনের মৃত্যু হওয়ার পর স্থানীয় চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামান্য অসুস্থতা হলেও রোগীদের অন্য হাসপাতালে রেফার করা হয়।
উপকূলের ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বরগুনার ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধনে স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, মানবিক বরগুনা এবং বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা অংশগ্রহণ করে।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন অর রশিদ রিংকু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, রোগী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির এবং জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আব্দুস সালাম।
বক্তারা জানান, তাদের দাবিগুলো না মানা হলে হরতালসহ কঠোর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ