প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:৩২ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৩:৩৪ PM

সংগৃহীত ছবি
জামিন পেয়েছেন ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর হত্যাচেষ্টা মামলায় কারাগারে যাওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান।
আজ রবিবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট সূত্র।
এদিন আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শনিবার (১৬ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার ধানমন্ডি থানার এক হত্যাচেষ্টা মামলায় আসামি হিসেবে তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে নিরীহ ছাত্র জনতার ওপর উপর্যপুরী এলোপাতাড়ি গুলি, পেট্রোল বোমা, হাতবোমা নিক্ষেপ করে।
উল্লেখ্য, ঘটনার দিন বিকেলে আসামীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ হুকুমে ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি করা হয়। এসময় ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান। নিকটস্থ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘ দুই মাস চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হন। পরে গত ২ এপ্রিল আরিফুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়।