বাংলাদেশের সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য গুগল নিউজ ইনিশিয়েটিভের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ শুরু হচ্ছে। এটি দেশের সাংবাদিক, গণমাধ্যম পেশাজীবী এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য এক অভিনব সুযোগ।
বিশ্বজুড়ে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনায় এআই ব্যবহার বাড়লেও ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ডিপফেক ভিডিওর মতো চ্যালেঞ্জও বেড়েছে। এ বাস্তবতায় বাংলাদেশে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার শিখিয়ে সক্ষম করে তোলাই এই প্রশিক্ষণের লক্ষ্য।
কোর্সটি সম্পূর্ণ অনলাইনে হবে এবং নির্বাচিত এক হাজার জন অংশগ্রহণ করতে পারবেন। মোট ১০ ঘণ্টার প্রশিক্ষণ পাঁচটি মডিউলে বিভক্ত। সফলভাবে কোর্স শেষকারীরা মূল্যায়নের মাধ্যমে সনদপত্র পাবেন। প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে।
প্রশিক্ষণে তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণের আধুনিক কৌশল শেখানো হবে। এছাড়া NotebookLM, Gemini, Pinpoint, গুগল ট্রেন্ডস ও অন্যান্য সাংবাদিকতা–সংক্রান্ত এআই টুল ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হবে।
প্রশিক্ষণের তত্ত্বাবধান করবেন জিএনআই মাস্টার ট্রেইনার আইদিলা রাজ্জাক। সঙ্গে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্ট্র্যাটেজিক পার্টনার এবং চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত।
দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে GNItrainingBD.com-এ। আবেদন করার শেষ সময় ৩০ আগস্ট ২০২৫।