প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:০৫ পিএম

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।
সভায় জুলাই ২০২৫ মাসের মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্ত পর্যালোচনা করা হয়। একইসাথে অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও নগরীর বিভিন্ন থানা এলাকার তালিকাভুক্ত, চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের অবস্থান শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় পুলিশ কমিশনার সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় জুলাই ২০২৫ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেন।
এছাড়াও, তিনি অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা এবং ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্যপ্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন।
এদিন অপরাধ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।