প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১২:৪০ পিএম

সংগৃহীত ছবি
মানুষের দৈনন্দিন জীবনে সবকিছুতেই এখন জায়গা করে নিয়েছে চ্যাটজিপিটি। শিক্ষা থেকে শুরু করে খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যপরামর্শ সবখানেই এআইয়ের ছোঁয়া। কিন্তু সম্প্রতি এক বৃদ্ধের উপর চ্যাটজিপিটির ডায়েট প্ল্যান মেনে চলায় বিপত্তি ঘটে।
৬০ বছর বয়সী ওই ব্যক্তি চ্যাটজিপিটির থেকে ডায়েট প্ল্যান গ্রহণ করেন। তার কোনো গুরুতর শারীরিক অসুখ ছিল না। তবে প্ল্যানে সাধারণ লবণের (সোডিয়াম ক্লোরাইড) পরিবর্তে ‘সোডিয়াম ব্রোমাইড’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ছোট এই পরিবর্তনই বিপদ ডেকে আনে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। হিন্দুস্তান টাইমসের ‘অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন: ক্লিনিক্যাল কেসেস’ প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি টানা তিন মাস অনলাইনে কেনা ব্রোমাইড লবণ খাদ্যে ব্যবহার করেন। এর ফলে তার শরীরে মস্তিষ্কের সমস্যা, বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও ত্বকে লাল দাগসহ ব্রোমোডার্মার মতো জটিলতা দেখা দেয়। তিন সপ্তাহ নিবিড় চিকিৎসা ও ইলেক্ট্রোলাইট ভারসাম্য ঠিক করার পর তিনি সুস্থ হন।
এআই থেকে পাওয়া তথ্য সবসময় সঠিক নাও হতে পারে। স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। চ্যাটজিপিটি বা অন্যান্য এআই চ্যাটবট স্বাস্থ্য পরামর্শে সাহায্য করতে পারে, কিন্তু চিকিৎসকের বিকল্প নয়।