প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:২৫ AM

সংগৃহীত ছবি
গাজা সিটিতে আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক শোক প্রকাশ করেন। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিন মিশনও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
ডুজারিক বলেন, “আমরা আল জাজিরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। গাজায় ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত চলছে। সাংবাদিক হত্যার বিরুদ্ধে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। মিডিয়ার কর্মীরা যেন ভয়ভীতি, হয়রানি বা টার্গেট হওয়া ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “গাজার সব এলাকায় সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার এবং স্বাধীনভাবে পরিস্থিতি তুলে ধরার সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি।”
অন্যদিকে, জাতিসংঘের ফিলিস্তিন মিশন জানিয়েছে, গাজা সিটির এক তাঁবুতে ইসরায়েলের বোমা হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ ক্রিকেহ নিহত হয়েছেন। তারা নিষ্ঠার সঙ্গে ইসরায়েলের গণহত্যা ও মৃত্যুক্ষুধার ঘটনা উদঘাটন ও নথিবদ্ধ করছিলেন।