প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১০:১৮ AM

সংগৃহীত ছবি
ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দুই বছর আগে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই তিনি প্রশংসিত হন।
গত কোরবানির ঈদে রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা গেছে তাকে। সেই সময় ইঙ্গিত দিয়েছিলেন ‘সুড়ঙ্গ ২’ সিনেমা নির্মিত হতে যাচ্ছে। তবে দীর্ঘ প্রতীক্ষার পর ভক্তদের জন্য ভালো খবর না দিয়ে নিশো জানালেন, শুটিংয়ে যাওয়ার তারিখ কিছুটা পিছিয়ে যাবে। কারণ, তিনি হাঁটুর সমস্যায় ভুগছেন। বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলেও, শুটিংয়ের মতো কঠোর কাজ করা ঝুঁকিপূর্ণ হবে। তাই ‘সুড়ঙ্গ ২’র শুটিং শুরু করার আগে নিশোকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।
সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় নিশো জানান, সুড়ঙ্গ ২ কবে মুক্তি পাবে, সেটা শুধু নির্মাতা রায়হান রাফিই জানেন। আমাকে ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সক্রিয় থাকতে হলে আমাকে একটি সার্জারি করাতে হবে।
মজার ছলে তিনি বলেন, এখনই বলছি, এটা আগে কেউ জানত না। অনেকেই হয়তো আমাকে কাজ দেবে না, বলবে তোমার তো পা ভাঙা।
নিশো সম্প্রতি রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় যুক্ত হয়েছেন। এতে চঞ্চল চৌধুরীও রয়েছেন। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হবে, আর আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।