প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:২০ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৭:২৪ PM

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিজিবি, সেনাবাহিনী, রাজনৈতিক নেতা, আইনজীবী ও সাংবাদিকরা।
সভায় কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক জানান, জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং মাদক ও চোরাচালান রোধে তারা সর্বদা সতর্ক রয়েছেন। সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ, নারী নির্যাতন, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু পরিসংখ্যান তুলে ধরে জানান, জুন মাসে জেলার বিভিন্ন স্থানে ১২৪টি অপরাধ সংঘটিত হলেও জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫টিতে। তিনি পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করে অপরাধ দমনে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ