প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৭:৩৮ PM

রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরের পদ্মা মিটিং রুমে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাজের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে লিডোর গোলটেবিল বৈঠক হয়েছে।
গতকাল শনিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরের পদ্মা মিটিং রুমে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) আয়োজিত এ আলোচনার শিরোনাম ছিল “সামাজিকভাবে অনগ্রসর ও বিপদাপন্ন শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের অপরিহার্যতা।” বৈঠকটি পরিচালনা করে লিডোর ইয়াং জার্নালিজম প্রজেক্ট।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও কর্মী, শিশু অধিকারকর্মী, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী এবং লিডোর পিস হোমের শিশুরা অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তি এবং ২০২৫ সালের জুলাই মাসে মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, “শিশুদের চিন্তা, মতামত ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে একটি টেকসই সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব।” শিশুদের জন্মনিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানভুক্তি, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করাসহ নানান প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধানে সরকারের নীতি নির্ধারণে শিশুদের মতামত অন্তর্ভুক্তির ওপর জোর দেওয়া হয়।
লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন সমাপনী বক্তব্যে আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ শিশুদের বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যতে নীতি নির্ধারণের পর্যায়ে তাদের দাবি ও অধিকার উপস্থাপনের সুযোগ তৈরি করবে।
এদিন বৈঠকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকসহ প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।