প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:১৪ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ১০:০৩ PM

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশে আয়োজিত কর্মসূচিতে ববি প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এসময় তারা ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই’, ‘গণমাধ্যমের স্বাধীনতা চাই’, ‘অপরাধীর বিচার চাই’, ‘WE DEMAND JUSTICE, WE DEMAND SAFETY, JUSTICE FOR TUHIN’ এমন নানা শ্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।
দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিনের ববি প্রতিনিধি আরিফ হোসাইন বলেন, “আজ আমরা এখানে গভীর শোক ও ক্ষোভ নিয়ে দাঁড়িয়েছি। ৭ই আগস্ট গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সংবাদকর্মী মো. আসাদুজ্জামান তুহিন, যিনি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন, তাকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। এটি শুধু ব্যক্তিগত হত্যাকাণ্ড নয় এটি গোটা সাংবাদিক সমাজের জন্য শোকবার্তা ও হুমকি। একজন সাংবাদিককে হত্যা মানে সত্যের কণ্ঠরোধ করা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে তার প্রমাণ নেই। সাগর–রুনী হত্যার এক যুগ পেরিয়ে গেলেও বিচার হয়নি। বহু সাংবাদিক খুন ও হামলার শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরাও হেনস্তার শিকার হয়েছেন কিন্তু এসবের কোনো বিচার হয়নি। আমরা দাবি জানাই, তুহিন হত্যার সর্বোচ্চ শাস্তির দৃষ্টান্ত স্থাপন হোক।”
দৈনিক সংগ্রাম পত্রিকার ববি প্রতিনিধি আবু উবাইদা বলেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা আশা করেছিলাম গণমাধ্যম স্বাধীন হবে, কিন্তু তার উল্টো ঘটছে।
তুহিনকে হত্যার মাধ্যমে দেশের সকল সাংবাদিকদের প্রতি চরম হুমকি দেওয়া হয়েছে। আমরা ইন্টেরিম গভর্নমেন্টকে হুশিয়ারি দিচ্ছি অতি দ্রুত হত্যার বিচার না হলে সারাদেশের সাংবাদিকরা একত্রিত হয়ে কঠোর আন্দোলনে নামবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে