
শাহজালালের পূন্যে ধন্য : সিলেট ; সুনামগঞ্জ
দেখতে বিভোর ; মৌলভী বাজার; চাতক, হবিগঞ্জ।
হাওর, বাওর, নদী,নালায় উড়ছে নৌকার পাল,
সুর্মা, মনু, সোনাই, ধলাই কুশিয়ারার, খাল।
শাহপরানের হৃদয় ভরা হাজার কবুতর,
উড়ছে সদায় হাঁটে,মাঠে, পাথর, বালুর পর।
মাটির নীচে তেলের আধাঁর, টিলায় সবুজ বন,
চা, বাগানের মালীর গানে উদাস করে মন।
উষ্ণ পানির খাবার খোঁজে আসে শীতের পাখী,
গাছের ঢালে বকের ছানায় করছে ডাকাডাকি।
ফসলের মাঠ,ধানের ক্ষেতে পাখীর কলতান,
শিকারীদের নিষ্ঠুরতায়, ঝরছে হাজার প্রাণ।
চাতকে আর হয়না কভু কমলা লেবুর চাষ,
লাউয়ার ছরায় বিলীন হলো শাল, গজারী. বাঁশ।
কোমলগন্জে নেই কমলা জকিগন্জে, জোক,
বেতের কাঁটায় কাটবে শরীর যতই শক্ত হোক।
তামাবিলে নাই যে তামা হরিপুরের তেল,
জ্বালিয়ে দিয়ে ধ্বংস করলো, ষড়যন্ত্রের খেল।
বড়লেখার নাই যে লেখা শুধুই একটি নাম,
মাধবকুন্ডে; মাধবিনীর; রুপের অনেক দাম।
জলপ্রপাতের শীতল জলে সবাই সাঁতার কাটে,
মাঝে মধ্যে আনাড়িদের হঠাৎ মাথা ফাটে।
পাথর কুড়ায়, বালি কুড়ায়, কুড়ায় চা এর পাতা,
বছর শেষে শ্রমের দামের থাকে শুন্য খাতা।
কেউবা চালায় খাবার হোটেল বিলাত শহরে,
দেশের মায়ার কেঁদে ভাসায় প্রতি প্রহরে।
কেউবা আসে নিজের গ্রামে থাকতে কয়টা মাস,
কেউবা সারে বিয়ের কর্ম, কারো সর্বনাশ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ