প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:২০ পিএম

হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কয়েক মাস পর আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। জাতীয় লিগের (এনসিএল) আসন্ন টি–টোয়েন্টি আসরে চট্টগ্রামের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, তামিম ইতোমধ্যে দলের সঙ্গে যোগাযোগ করেছেন।
১৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এনসিএল টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে বগুড়া, রাজশাহী ও সিলেটে। তামিমের পাশাপাশি খেলবেন আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে মুশফিক এখনো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে আছেন, তবে তামিম ও মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
গত আসরে তামিম খেলেছিলেন ৪টি ম্যাচ, মুশফিক ২টি। মাহমুদউল্লাহ ছিলেন না। এবার মুশফিক নিজ বিভাগের বদলে সিলেটের হয়ে খেলতে চান বলে নির্বাচকদের জানিয়েছেন। মাহমুদউল্লাহ কোন দলে খেলবেন, তা এখনও নির্ধারিত হয়নি।
এবার তিনটি শহরে ম্যাচ আয়োজনের বিষয়ে আকরাম খান জানান, ক্রিকেটকে ছড়িয়ে দিতেই এমন সিদ্ধান্ত। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কাঙ্ক্ষিত মানের উইকেট না থাকায় শেষ পর্যন্ত সেখান থেকে ভেন্যু পরিবর্তন করা হয়।
এবারের আসরে ক্রিকেটারদের ম্যাচ ফি ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। লিগ পর্বের খেলা শেষে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেগুলো হবে দিবারাত্রির ম্যাচ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ