প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:৪২ পিএম

গাজা সম্পূর্ণভাবে দখল করা হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের ওপর। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গাজার দখলসংক্রান্ত ইসরাইলি পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি এখন গাজার মানুষদের খাবার পৌঁছানো নিয়ে বেশি ভাবছি। দখল সংক্রান্ত সিদ্ধান্ত ইসরাইলের নিজস্ব ব্যাপার।”
তিনি আরও বলেন, “গাজার মানুষ যেন খেতে পায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য বিষয়গুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এসব ইসরাইলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
উল্লেখ্য, ওয়াশিংটন প্রতিবছর ইসরাইলকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের আক্রমণ শুরুর পর এই সহায়তা আরও বেড়েছে।
সেই আক্রমণে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে গেছে। একইসঙ্গে অধিকাংশ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে দিয়ে গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকা ‘সামরিকীকরণ’ এলাকায় পরিণত করা হয়েছে।
এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ইসরাইল পুরো গাজা দখলে নেবে। তার এই ঘোষণা নতুন করে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক ইসরাইলি বন্দিদের নিরাপত্তা নিয়ে।
জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্লাভ জেনকা এ বিষয়ে সতর্ক করে বলেন, “গাজা পুরোপুরি দখল করার পরিণতি ভয়াবহ হতে পারে।” তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ