প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:০৮ AM আপডেট: ০৫.০৮.২০২৫ ৮:১২ এএম

সংগৃহীত ছবি
আগস্ট মাসের রাতের আকাশে থাকছে একের পর এক মহাজাগতিক দৃশ্য। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হলো পারসেইডস উল্কাবৃষ্টি, যেটি সবচেয়ে স্পষ্ট দেখা যাবে ১২ ও ১৩ আগস্ট রাতে। প্রতি ঘণ্টায় প্রায় ১৫০টি উল্কা পড়তে পারে, অর্থাৎ প্রতি মিনিটে ২-৩টি উল্কার ঝলক দেখা যেতে পারে। তবে ৯ আগস্টের পূর্ণিমার কারণে কিছু হালকা উল্কা আকাশের আলোয় আড়াল হয়ে যেতে পারে।
এই উল্কাবৃষ্টি ভারত থেকেও দেখা যাবে। পরিষ্কারভাবে দেখার জন্য শহরের কৃত্রিম আলোর বাইরে অন্ধকার ও খোলা জায়গায় অবস্থান করাই উত্তম। বিশেষজ্ঞরা ১৩ আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আকাশে নজর রাখার পরামর্শ দিয়েছেন। লাদাখ, স্পীতি, কচ্ছ, কর্ণাটক ও উত্তরাখণ্ডের দুর্গম এলাকা—এইসব জায়গা থেকে দৃশ্যটি ভালোভাবে উপভোগ করা সম্ভব।
যারা মূল উল্কাবৃষ্টি মিস করবেন, তারা ১৬ থেকে ২০ আগস্টের মাঝামাঝিও কিছু উল্কা দেখতে পাবেন, কারণ তখন চাঁদের আলো অপেক্ষাকৃত ম্লান থাকবে।
এই মাসের আকাশ আরও কিছু দুর্দান্ত মহাজাগতিক দৃশ্য উপহার দেবে। ২৬ আগস্ট সন্ধ্যা ৮টার দিকে মঙ্গল গ্রহকে চাঁদের একেবারে কাছাকাছি দেখা যাবে পশ্চিম আকাশে—একেবারে খালি চোখেই, কোনো টেলিস্কোপের প্রয়োজন নেই।
১১ ও ১২ আগস্ট সূর্য ওঠার আগে পূর্ব আকাশে খুব কাছে দেখা যাবে শুক্র (Venus) ও বৃহস্পতি (Jupiter)। ১৯ আগস্ট এক পাতলা বাঁকা চাঁদ যুক্ত হয়ে এই দুই গ্রহের পাশে থাকবে।
১৯ আগস্টেই দেখা যাবে বুধ (Mercury) গ্রহ, যেটি ওই সময় পূর্ব আকাশে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।
এই মাসে ডাম্ববেল নেবুলা (Dumbbell Nebula) নামের এক বিশেষ নীহারিকা পুরো আগস্টজুড়ে দেখা যাবে। এটি এক মৃত নক্ষত্রের অবশেষ এবং রাতের প্রথম ভাগে এটি সহজেই চিহ্নিত করা সম্ভব।
সব মিলিয়ে আগস্টের রাতের আকাশ হবে এক মহাজাগতিক চমকের প্রদর্শনী। যারা আকাশ পর্যবেক্ষণ ভালোবাসেন, তাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ—শহরের কোলাহল থেকে দূরে গিয়ে খালি চোখে মহাশূন্যের অপার সৌন্দর্য উপভোগ করার।