প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি
গাজায় মানবিক পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে কানাডা।
গতকাল শনিবার (০২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ।
তিনি বলেন, “গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে- এমন সামগ্রী রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনও নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি।”
তিনি আরো বলেন, “গাজায় ব্যবহৃত হতে পারে- এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনও অনুমোদন দেওয়া হয়নি।”
সম্প্রতি ২৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে এখনও ইসরায়েলে অস্ত্র যাচ্ছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতার বিকৃত উপস্থাপন। প্রতিবেদন যেসব ‘গুলি’র কথা বলেছে, সেগুলো পেইন্টবলের মতো এবং সঙ্গে এমন যন্ত্রও ছিল, যা আগ্নেয়াস্ত্রকে অকার্যকর করে তোলে। সেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়।”
তিনি আরও জানান, লাইসেন্স স্থগিত হওয়ার আগেও কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে সরাসরি বা পরোক্ষভাবে মর্টার সরবরাহ করেনি।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, “বৈধ লাইসেন্স ছাড়া কেউ সামরিক পণ্য রফতানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এর মধ্যে রয়েছে জরিমানা, পণ্য জব্দ এবং ফৌজদারি মামলা।”
বিবৃতির শেষে তিনি জোর দিয়ে বলেন, “আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না।”
সূত্র: আনাদোলু এজেন্সি