প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসাসেবা সচল রাখতে রাজবাড়ীর সিভিল সার্জনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবামূলক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে ঢাকার মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। সেখানে তিনি পরবর্তী পদায়নের জন্য রিপোর্ট করবেন।
অন্যদিকে, তাঁর স্থলে রাজবাড়ীর বর্তমান সিভিল সার্জন নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন। এর ফলে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসাসেবা পরিচালনায় যাতে কোনো ধরনের স্থবিরতা তৈরি না হয়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাকে আগামী ৪ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
উল্লেখ্য, চিকিৎসক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর সাম্প্রতিক প্রশাসনিক বিষয় ও পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাঁকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি