প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:০৫ AM আপডেট: ৩০.০৭.২০২৫ ১০:৪৮ এএম

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। তবে আজ বুধবার (৩০ জুলাই) সকাল থেকে পানি কমতে শুরু করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, বর্তমানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচে। সকাল ৬ টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫২.১৫ সেন্টিমিটার স্পর্শ করে। তবে সকাল ৯ টায় তা কমে ৫২.৭ সেন্টিমিটারে নেমে আসে।
ডালিয়া পাউবোর পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, ‘রাত থেকে পানি কমতে শুরু করে। এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল আছে। তবে চোখ রাখতে হচ্ছে উজানের পরিস্থিতির দিকে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সেই সময় নদীপাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দারা আতঙ্কে রাত পার করেন।
ডিমলার পূর্বখড়িবাড়ী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। পানি কিছুটা কমেছে ঠিকই, কিন্তু নতুন করে বৃষ্টি হলে আবার সমস্যা হবে।’
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে। বড় ধরনের ঝুঁকি আপাতত নেই, তবে সতর্কতা অব্যাহত রয়েছে।’
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) জানিয়েছে, বর্তমানে তিস্তার পানি কমছে। তবে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টিপাত হলে নদীর পানি আবারও বাড়তে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম