প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ পিএম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ১১টার দিকে আট জেলেকে নিয়ে একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি সাগরে ভাসতে থাকে।
২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে ফোন করে বিষয়টি বোটের মালিককে জানান। পরে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গভীর সমুদ্র এলাকা থেকে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরে বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বদেশ প্রতিদিন/এস পি