প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মীরসরাই থানার ইছাখালী ঘাটে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইছাখালী ঘাট থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সার আনার গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড অভিযান চালায়। অভিযান চলাকালে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ৪৮ হাজার কেজি বা ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
অভিযানে সার পাচারের কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি