প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১:০৫ AM

সংগৃহীত ছবি
আওয়ামী লীগের কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৮ জুলাই) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধ প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন বাণিজ্য এবং হুন্ডির মাধ্যমে অবৈধভাবে অর্থ গ্রহণ করে তা বিভিন্ন দেশে পাচার করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এসব অভিযোগে বর্তমানে ১৭টি ব্যাংকের ৫৩টি হিসাব থেকে মোট ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জব্দ (ফ্রিজ) করা হয়েছে।
সিআইডি আরও জানায়, সাবেক এই সংসদ সদস্য ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর