প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১২:৫২ AM

সংগৃহীত ছবি
তরুণদের নেতৃত্ব ও ক্ষমতায়ন নিশ্চিত করতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যেমন ছাত্র-জনতা জাতিকে হতাশ করেনি, তেমনি আগামীর বাংলাদেশেও তরুণরাই নেতৃত্ব দেবে এবং মানুষকে আশাবাদী করবে।”
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বিগত দিনের রাজনীতি মানুষকে মুক্তি দিতে পারেনি। এনসিপি আগামীর নতুন দিনের বার্তা নিয়ে কাজ করছে। আমরা চাই, নতুন ধারার রাজনীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে ও তাদের সেবা করতে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, ফুলবাড়িয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মো. সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জিনিয়ার ওমর শরিফ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।
পদযাত্রা ও সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্বদেশ প্রতিদিন/এনআর