
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সাবেক সম্পাদক নঈম নিজাম, পত্রিকাটির প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার এর প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৭ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় সিআইডি, যা গত ২ জুন গ্রহণ করা হয়। এ মামলায় আসামিদের আদালতে হাজির হতে আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা অনুপস্থিত থাকায় বাদীপক্ষ গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।
গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বিচারক আগামী ২৮ অগাস্ট দিন ঠিক করেছেন বলে জানান তিনি।
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যা পরে অনলাইনেও ছড়ানো হয়।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, নুসরাতের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত, তিনি রাষ্ট্রবিরোধী গুজব ও ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত, এবং তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
ব্যারিস্টার সারোয়ার বলেন, তিনি নুসরাতের আইনজীবী ছিলেন না, বরং মামলার নারাজি আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন মাত্র। প্রতিবেদনে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা, মানহানিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাংলা ইনসাইডার পত্রিকায় “কে এই সারোয়ার” শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মামলায় আরও আসামি করা হয়- ফেইসবুক পেইজ ভাইরাল প্রতিদিনের অ্যাডমিন, বর্ণনাকারী, ভিডিও প্রস্ততকারী ও টেকনিশিয়ান। গত বছরের ২০ নভেম্বর তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন সিআইডির এসআই তরিকুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/ আরএফ