প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:১১ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৭:২৭ PM

তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো পথ নেই।
আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে ভোলায় তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ উদ্দিন বলেন, “জনগণ যাদের ভোট দেয়, আমরা তা মেনে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশের দুর্ভোগ বাড়বে। নিজেদের কর্মীদের বুকে আগলিয়ে রাখবেন। যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “ছাত্ররা নতুন একটা দল গঠন করেছে এনসিপি। তারা হলো আমাদের ছেলে-নাতিদের বয়সের। এ দলটা আমরা চাই। তারা রাজনীতিতে আসছে, রাজনীতি শিখবে, তাদের দলকে শক্তিশালী করবে।”
মেজর হাফিজ উদ্দিন বলেন, “যেসব বিএনপির নেতা কর্মীরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে। তজুমদ্দিন উপজেলার দুর্গম চর অঞ্চলের মানুষ খুব কষ্টে আছেন, তাদের প্রতি যদি কেউ অন্যায় জুলুম করে থাকে তাহলে তাদের প্রতি দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।”
সম্মেলনে সঞ্চালনা করেন সদস্য সচিব ওমর আসাদ রিন্টু এবং সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আ. ক. ন. কুদ্দুসুর রহমান । প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপি ও সমন্বয়ক ভোলা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কমিটি ও আহ্বায়ক ভোলা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সচিব ভোলা জেলা বিএনপির সদস্য, কিরন যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রাইসুল আলম শফিকুর রহমান, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।