প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৮:৩১ পিএম

মো. আনোয়ারুল ইসলাম
সাবেক ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ডাকাত মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনু সালামকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
হত্যা, চাঁদাবাজি, মাদক, ডাকাতি ও মারামারিসহ মোট ৯টি মামলার আসামি আনু সালামকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দু’টি ওয়ান শুটারগান, সাত রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আনোয়ারুলের সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিতে দীর্ঘদিন ধরে ভীত ও অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে একাধিকবার অভিযোগ করা হলেও এতদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রথমে এপিবিএন অভিযান পরিচালনা করলেও ব্যর্থ হয়। পরবর্তীতে জেলা পুলিশ র্যাব-১৫ এর সহযোগিতা চায়। গত এক সপ্তাহ ধরে একাধিক স্থানে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত বিশেষ অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
র্যাব জানায়, বিগত সরকার আমলে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সে সরকারি বনভূমি দখল করে বাড়ি নির্মাণ করে। এছাড়া, সংরক্ষিত বনাঞ্চলের সাধারণ বাসিন্দাদের ওপর চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধ করে আসছিলেন তিনি।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।