প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:৪১ পিএম

উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামের মিরসরাই পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় মিরসরাই পাইলট স্কুল মিলনায়তনে এ আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক জামসেদ আলম কমিশনার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কামরুল হাসান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, কৃষক দলের আহ্বায়ক অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবসার।
বক্তারা বলেন, নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করছি এবং খালেদা জিয়ার সুস্থতা চাই, যেন তিনি আগামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। দেশ সংকটকাল পার করছে, সবাইকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ