প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৮:৩৪ পিএম

নেত্রকোণার আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবিকে মারধরের অভিযোগ উঠেছে আরেক সহকারী শিক্ষিকা তাসলিমা কোহেনের বিরুদ্ধে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান রাবেয়া।
রাবেয়া জানান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি তাকে হয়রানি করছিলেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার প্রধান শিক্ষকের স্ত্রী তাসলিমা কোহেন বিদ্যালয়ে এসে তাকে মারধর করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতারা। তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম পাল্টা অভিযোগে বলেন, শোকজের কারণে ক্ষিপ্ত হয়ে শিক্ষিকা রুবি ভাড়া করা লোক দিয়ে তার ওপর হামলা চালান। বিষয়টি জানার পর তার স্ত্রী তাসলিমা কোহেন বিদ্যালয়ে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ঘটনা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ