প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:০১ পিএম

পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মাইকেল’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে।
আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে একযোগে মুক্তি পাবে ছবিটি।
ছবিটি যুক্তরাষ্ট্রে পরিবেশন করবে লাইন্সগেট, আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকবে ইউনিভার্সাল, আর জাপানে পরিবেশন করছে কিনো ফিল্মস।
পরিচালক অ্যান্টোয়ান ফুকোয়া নির্মিত এই বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন জন লোগান। মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করছেন তার ভাইপো জাফার জ্যাকসন। ছবিটির প্রযোজনা করেছেন অস্কারজয়ী প্রযোজক গ্রাহাম কিং।
চলচ্চিত্রটির গল্পে ফুটে উঠবে এক সাধারণ কিশোর থেকে ‘পপের রাজা’ হয়ে ওঠা মাইকেল জ্যাকসনের হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণাদায়ী যাত্রা। জীবনের ব্যক্তিগত দিক ও সংগীতের ওপর তার প্রভাব এতে তুলে ধরা হবে।
‘মাইকেল’ ছবির শুটিং শেষ হয় ২০২৪ সালের মে মাসে। পরে কিছু দৃশ্য নতুন করে ধারণ করা হয় এবং প্রাথমিক কাট দীর্ঘ হওয়ায় কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়। একসময় ছবিটিকে দুই পর্বে মুক্তির পরিকল্পনাও ছিল। ছবিটির বাজেট প্রায় ১৫৫ মিলিয়ন ডলার।
এই ছবিতে আরও অভিনয় করেছেন কোলম্যান ডোমিংগো (পিতা জো জ্যাকসন), নিয়া লং (মাতা ক্যাথরিন জ্যাকসন), মাইলস টেলার (জন ব্রাঙ্কা), লারেনজ টেট (বেরি গর্ডি), লরা হ্যারিয়ার (সুজান দে পাস), ক্যাট গ্রাহাম (ডায়ানা রস), জেসিকা সুলা (লা টোয়া জ্যাকসন), লিভ সাইমোন (গ্ল্যাডিস নাইট), কেভিন শিনিক (ডিক ক্লার্ক), কেইলিন ডারেল জোনস (বিল ব্রে) এবং কেনড্রিক স্যাম্পসন (কুইন্সি জোনস)।
স্বদেশ প্রতিদিন/ আরএফ