প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:১০ পিএম

ভালুকায় আকরাম হোসেন ( ৪০) নামের এক কৃষকের নিখোঁজের ৭ দিন পর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার মামারিশপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকরাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘গত শনিবার (১৯ জুলাই ) রাতে আকরাম হোসেন তার স্ত্রীকে ব্লাড প্রেশার মাপার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকেই তিনি নিখোঁজ হন। পরে তাকে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে গত রোববার (২০ জুলাই) ভালুকা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন।
সূত্র থেকে আরও জানা যায়, আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাড়ির পাশের জঙ্গল থেকে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধযুক্ত স্থানে গিয়ে স্থানীয়রা আকরামের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। তদন্তের প্রেক্ষিতে গফরগাও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মন্তোষ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘আকরাম হোসেন নিখোঁজ হওয়ার কয়েকদিন পূর্ব থেকেই শারিরীক ভাবে অসুস্থ বোধ করতেন। ঘটনার রাতে শারিরীক অসুস্থ বোধ করায় প্রেশার মাপতে বাড়ির বাইরে যান। ধারণা করা হচ্ছে বাহিরে যাওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে সেখানে মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম