প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১১:০৮ AM আপডেট: ২৩.০৭.২০২৫ ১১:১০ এএম

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ‘বিধ্বস্ত হওয়ার আগে পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করার জন্য মূল্যবান সময় দেন। এতে বিমান থেকে বের হওয়ার জন্য যে পদ্ধতি তা বিলম্বিত হওয়ায় নিজের জীবন উৎসর্গ করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।’
মঙ্গলবার (২২ জুলাই) বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কুর্মিটোলা বিমানঘাঁটিতে এই অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবাহিনী প্রধান বলেন, ‘বিমানটি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পাইলট বিমানটিকে খালি জায়গায় নামানোর জন্য তার সব চেষ্টা করেছিল। বিশেষ করে একটি মাঠ পেয়েছিল পাইলট, সেখানে নামানোর চেষ্টা করে কিন্তু তার শেষ চেষ্টা সফল হয়নি,নিয়ন্ত্রণ হারিয়ে ভবনটির ওপরে বিমানটি আছড়ে পড়ে।’
তিনি বলেন, ‘সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে বিমানটির ক্রাশ ল্যান্ডিং হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। যেখানে শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকে নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া অনেকেই আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহতদের দেখে এসেছি, বার্ন ইনস্টিটিউটসহ কয়েকটি হাসপাতালে আহতদের দেখতে যাবো।’
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘দয়া করে দেশের এ বিপদের সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও মিস ইনফরমেশনে কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল করে দেবেন না।’
তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় এরই মধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতি শিগগির তদন্ত কমিটি বের করবে, কী ধরনের ত্রুটি ছিল।’
স্বদেশ প্রতিদিন/এমএম