প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ২:৫৪ পিএম

সংগৃহীত ছবি
আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী হয়েছে। বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের দোয়া আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম।
আজ রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেটের মোটেল সৈকতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই কথা বলেন। এ সময় শহীদ পরিবারের খোঁজখবর নেন এনসিপির নেতা-কর্মীরা।
নাহিদ ইসলাম শহীদ পরিবারের সদস্যদের বলেন, ‘‘আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা অভ্যুত্থানে ছিলাম। আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিলেন, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি। অবশ্যই শহীদ পরিবারদের- শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন।’’
নাহিদ ইসলাম বলেন, “আমি যখন সরকারে ছিলাম বা আমাদের পক্ষ থেকে যারা সরকারে
গেছেন, আমরা জুলাই শহীদ পরিবারের বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা
করেছিলাম। কিন্তু দেখা গেছে, সরকারের উদ্যোগগুলো মাঠপর্যায়ে তেমনভাবে
পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি হয়েছে। কেননা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো
স্বৈরাচারের দোসররা আছেন। শহীদ পরিবারের যে সম্মান পাওয়ার কথা, সেটি হয়নি;
বিভিন্ন জায়গায় আমরা সে অভিযোগগুলো শুনি।”
এ সময় উপস্থিত ছিলেন, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ অন্য নেতাকর্মীরা।